দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এনেছে। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরির রুপার দাম ৫ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকা।
বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
প্রতিনিধির নাম 

























