চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাতকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে দাফন করা হয়েছে।
জানাজা শেষে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে, তাসনিম রিফাতের মরদেহ একটি বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়।
মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানাজায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো গ্রামবাসী অংশগ্রহণ করেন। জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তাসনিম রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য ছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে।
তাসনিম রিফাতের বয়স ছিল ২৮ বছর। তিনি স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধির নাম 
























