বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া জেলে শাহীন মিয়াকে দুই দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।
জেলেরা জানান, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সাগরে মাছ ধরার সময় শাহীন ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন। বুধবার রাত ১০টার পর পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির কার্যালয়ে তাকে নিয়ে আসেন উদ্ধারকারী জেলেরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীনকে অসুস্থ অবস্থায় পাওয়ার পর দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধারের পর শাহীন জানান, সোমবার দিবাগত রাতে পাথরঘাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে তিনি ট্রলার থেকে পড়ে যান। পরে একটি মাছ ধরার ফ্লোট ধরে সাগরে ভাসতে থাকেন।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাখাল বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার কারণে শাহীন মানসিক ভারসাম্য কিছুটা হারিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 
























