আগামীকাল ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বাড়ছে। সংগঠনটির দাবি, যাতায়াতের নিরাপত্তা কমছে এবং পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে।
আজ শনিবার সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রতিবছর যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে ‘যাত্রী অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য হলো ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ২০১৮ সাল থেকে দেশে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন শুরু হয়। ২০১৯ সাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি পালন করে আসছে। সংগঠনটি বলছে, রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বেড়ে গেছে।
সংগঠনটির মতে, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহন খাতে তেমন পরিবর্তন আসেনি। এবারের ‘যাত্রী অধিকার দিবস’ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রতিনিধির নাম 























