বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প খাতে মারাত্মক আঘাত এসেছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে গেছে।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শিল্পের মূল খোরাক হচ্ছে বিদ্যুৎ। গ্যাস, তেল ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলেও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্প খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। বিজিএমইএ সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাদের উৎপাদন কমে গেছে।
তিনি বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে না এবং ঋণখেলাপি হয়ে পড়তে পারে। শ্রমিকদের ধরে রাখা কঠিন হবে এবং ছাঁটাই করতে বাধ্য হতে হবে। ক্রেতাদের অর্ডার সময়মতো সরবরাহ করতে না পারলে তারা অন্য দেশে চলে যেতে পারেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে প্রতিযোগিতা করছে অন্যান্য দেশ। ফলে ক্রেতারা বিকল্প দেশগুলোর দিকে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, দেশের বৃহত্তম রপ্তানি খাতের এই পরিস্থিতি অন্যান্য শিল্প খাতের অবস্থা সম্পর্কে ধারণা দেয়। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের মধ্যে অনেক গার্মেন্টস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহও এই খাতের সংকট তুলে ধরেছেন।
প্রতিনিধির নাম 























