লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে তীব্র উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর তথ্য অনুযায়ী, সৌদি আরব প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই এই অভিযান শুরু করতে পারে।
তবে সৌদি আরব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং যুক্তরাষ্ট্রও আপাতত হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে না। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সৌদি আরব হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ওয়াশিংটন বর্তমানে রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে সহায়তা করছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি বাড়লে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তিত হতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরবে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুবরাজ যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ চাইছেন, তবে এটি তাৎক্ষণিকভাবে অপরিহার্য বলে উল্লেখ করেননি।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বার্থ। তবে আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলায় সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোকে নেতৃত্ব দিতে চায় ওয়াশিংটন।
যদি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের হামলা বাড়ে, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিনিধির নাম 
























