জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন’ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি ১১ দলের লংমার্চের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে একে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টির অংশ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবসময় বলতো আওয়ামী লীগের সম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো!’
তিনি প্রশ্ন তোলেন, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি দখলের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।’
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, ‘গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেনো কোনো বক্তব্য ছিলো না তা বোঝার চেষ্টা করুন।’
৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শুরু হয়েছিল। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১১-দলীয় জোটের এই কর্মসূচির মূল উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও চলমান জনদুর্ভোগ নিরসন করা।
প্রতিনিধির নাম 

























