সাইকেলে চেপে ৬টি দেশ অতিক্রম করে পবিত্র হজ পালনের লক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার একটি ব্যতিক্রমী অভিযানে বের হয়েছেন। তার এই উদ্যোগ স্থানীয় জনপদে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি করেছে।
সজিব বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে। তিনি সাইকেলে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করতে চান। এই দীর্ঘ যাত্রায় তাকে মোট ৬টি দেশ অতিক্রম করতে হবে।
এটি সজিবের প্রথম দীর্ঘ পথচলা নয়। এর আগে তিনি সাইকেলে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন এবং মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার একটি রেকর্ড গড়েছেন।
নিজের যাত্রা সম্পর্কে সজিব বলেন, “ছোটবেলা থেকেই সাইকেল চালিয়ে হজে যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই যাত্রা শুরু করেছি। নিরাপদে গন্তব্যে পৌঁছে যেন পবিত্র হজ সম্পন্ন করতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার জানান, তিনি ছেলের এই মহৎ ইচ্ছাকে সানন্দে স্বাগত জানিয়েছেন এবং সজিব যেন নিরাপদে হজ শেষ করে ফিরে আসতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই সাহসিক সিদ্ধান্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর এই দীর্ঘ সফর সফল ও নিরাপদ হোক—এই শুভকামনা রইল।
প্রতিনিধির নাম 























