চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নয়াগোলা এলাকার যহুরুল ইসলামের মেয়ে জয়নব, হারুনুর রশিদের মেয়ে সিনথিয়া, সুমনের মেয়ে সুমাইয়া ও মোজাম্মেলের মেয়ে মাহমুদাসহ ১৫ জন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এনজিও গাকের দেওয়া স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কর্তৃপক্ষকে জানায়। পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ডিম ও বন রুটি দেওয়া হয় শিক্ষার্থীদের। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে।
তিনি আরও বলেন, কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান জানান, হাসপাতালে ভর্তি ১০ শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরম উভয় কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
প্রতিনিধির নাম 





















