মস্কো রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাতে রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।
রিয়াবকভ বলেন, বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির আগে এর মূল এজেন্ডা স্পষ্ট হওয়া জরুরি। তিনি উল্লেখ করেন, বৈঠকের বিষয়বস্তু কীভাবে নির্ধারিত হবে এবং এর থেকে কী ফল আশা করা যায়, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এ মাসের শুরুতে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ আগামী নভেম্বরে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে তিন নেতার সম্ভাব্য বৈঠকের কথা উল্লেখ করেছিলেন।
রাশিয়ার সংবাদমাধ্যমে উশাকভের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে এর আয়োজনের বিষয়টি সম্মেলনের আয়োজক দেশের ওপর নির্ভর করে।
উশাকভ আরও জানান, সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট পুতিনের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে, যার মধ্যে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং সুযোগ তৈরি হলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধির নাম 























