ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। রোববার রাতে উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটার জঙ্গলে কঙ্কালের সন্ধান মেলে। রাশেদুলের বাবা মো. শাহজাহান প্যান্ট ও গেঞ্জি দেখে তার ছেলের কঙ্কাল শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট রাত ৯টার দিকে জসিম মিয়া নামে এক যুবক মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাশেদুল আর বাড়িতে ফেরেনি। পরদিন সকালে রাশেদুলের সেল ফোন থেকে তার বাবার কাছে নারী কণ্ঠে অপহরণের তথ্য জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রাশেদুলের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন এবং ২৫ আগস্ট জসিমকে প্রধান আসামি করে অপহরণ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রোববার দুপুরে শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিম উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করেন। জসিমের স্বীকারোক্তির ভিত্তিতে রফিক (২৮) ও মোজাম্মেল (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জিকরুল জানান, জসিমের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চন্দ্রপুর গ্রামের গারোর ভিটায় হাড়, থার খুলি এবং পোশাক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা রাশেদুলকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছে। ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।
প্রতিনিধির নাম 























