ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মো. আলতাব হোসেন হত্যা মামলার প্রধান আসামি জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে আমিনবাজারের বরদেশী মদিনা সিটি এলাকায় একদল যুবকের হামলায় উপপরিদর্শক মো. আলতাব হোসেন নিহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সাভার নামাবাজার এলাকা থেকে জহুরুলকে (৩২) আটক করে।
রোববার দুপুরে নিহত আলতাব হোসেনের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে জহুরুলকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় র্যাব-৪ ও র্যাব-১০-এর পৃথক দল ও ডিবি ঢাকা জেলা উত্তর অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ ও আমিনবাজারের বিভিন্ন এলাকা থেকে মামলার আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রতিনিধির নাম 























