কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে এক যুবক চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা যুবক কৌশলে পেছনে রাখা চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যান। ওই যুবক দীর্ঘ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন এবং তার সামনে টাকা জমা দেওয়ার ভাউচার ছিল।
জাকির হোসেন জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন এবং টাকা গুনতে থাকেন। একপর্যায়ে পেছনে রাখা চার লাখ টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংকের কর্মকর্তাদের জানান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হন।
পূবালী ব্যাংক দেবিদ্বার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, টাকা উত্তোলনের পর ব্যাংকের দায়বদ্ধতা নেই। তবে গ্রাহক আইনগত ব্যবস্থা নিলে সহযোগিতা করা হবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ব্যাংকের ভেতর থেকে টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 























