গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বাফার গুদামে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে সাজ্জাদ উচ্চ আদালত থেকে জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) গোবিন্দ দাস নিশ্চিত করেছেন যে, আদালত সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
প্রতিনিধির নাম 
























