লাদাখে সিন্ধু নদের ওপর একটি নতুন বাঁধ নির্মাণ করেছে ভারত। লেহর উপসাই এলাকায় নির্মিত এই বাঁধটি পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু পানিবণ্টন চুক্তির অচলাবস্থার মধ্যে নির্মিত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাঁধটি প্রাকৃতিক পাথরের বোল্ডার দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ নির্মাণের ফলে সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বেড়ে গেছে।
স্থানীয় কৃষকেরা এই বাঁধের ফলে উপকৃত হচ্ছেন। পানির স্তর বাড়ায় অনেক জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে, যেখানে আগে পানির সংকটের কারণে চাষাবাদ করা যেত না।
লাদাখের কৃষকেরা দীর্ঘদিন ধরে সেচের পানির সংকটে ভুগছিলেন। অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সিন্ধু নদের পানি অনেক এলাকায় নিচে থাকে। শুষ্ক মৌসুমে পানির স্তর এতটাই কমে যায় যে পাম্প দিয়েও পানি তোলা সম্ভব হয় না।
নতুন বাঁধের মাধ্যমে প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হয়েছে। এই পানি ইগু ফে খালসহ স্থানীয় বিভিন্ন খালের মাধ্যমে শুষ্ক জমিতে পৌঁছে দেওয়া হচ্ছে। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার পর দুই দেশের মধ্যে পানির ব্যবস্থাপনা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 
























