রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, জালি ও পেঁপেসহ কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন, টমেটো ও শিম এখনও চড়া দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজার, যাত্রাবাড়ী, কাপ্তান বাজার, রায়সাহেব বাজার, বাবুবাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, যা ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। পটোল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, করলা ও জালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। শসার দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি।
তবে বেগুনের দাম এখনও বেশি। লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামের সবজির মধ্যে রয়েছে শিম, যার দাম বাজারভেদে ১৬০ থেকে ২০০ টাকা।
সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দামও কিছুটা কমেছে, যা ১২০ থেকে ১৪০ টাকা কেজি। অন্যদিকে, সরকার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
মাছের বাজারেও দাম চড়া। রুই-কাতল মাছ ৩৮০ থেকে ৬৫০ টাকা কেজি, গুঁড়া মাছ ৬০০ থেকে ৬৫০ টাকা, ছোট পাঙ্গাস ২৫০ থেকে ২৬০ টাকা এবং বড় পাঙ্গাস ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এক ডজন ডিম ১৫০ থেকে ১৬০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৯০ টাকা কেজি।
প্রতিনিধির নাম 

























