গাজীপুরের মৌচাক এলাকার ল্যাভেন্ডার ফ্যাশন পোশাক কারখানা থেকে শ্রমিকদের বেতন ও খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শিল্পাঞ্চল পুলিশ-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি কারখানা থেকে চীনা ব্যবসায়ী ঢাকার উদ্দেশে রওনা হন। পথে গাড়িতে সাময়িক যাত্রাবিরতি দেওয়ার সুযোগে ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান নগদ ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পালানোর পর তিনি মালিকের মোবাইল ফোনে একটি খুদে বার্তায় ‘দুঃখিত’ লেখেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে শিল্প পুলিশের তদন্তে জাহিদ হাসানকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী মামা জয়নুজ্জামান ও স্ত্রী নাসিমা আক্তারকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হাসান জানান, চুরি করা টাকা থেকে তিনি নতুন বাসা ভাড়া ও আসবাবপত্র কিনেছেন। পুলিশ অভিযানের সময় চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও জব্দ করেছে।
পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকার সিংহভাগ উদ্ধার করা পুলিশের সাফল্য। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিনিধির নাম 























