বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, গত ১৫ বছরে বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত বিনিয়োগের ফলে বর্তমান সরকারের ওপর আর্থিক চাপ বেড়েছে। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন।
জালাল আহমেদ বলেন, ১৯৯৬ সালের পর নতুন করে কার্যকর জ্বালানি নীতি প্রণয়ন করা সম্ভব হয়নি এবং গত ১৫ থেকে ১৬ বছরে দেশীয় গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। বরং আমদানিনির্ভরতার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হওয়ায় সরকারকে বাড়তি খরচও বহন করতে হচ্ছে। বিইআরসি চেয়ারম্যান বলেন, ভুল নীতি ও অনিয়মের কারণে দীর্ঘদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে তিনি উল্লেখ করেন, সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব না হলেও সৌরবিদ্যুতে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। বায়ুশক্তির সম্ভাবনা তুলনামূলক কম বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব নিয়েছে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
প্রতিনিধির নাম 























