ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ‘বাংলাদেশের উত্তম কুমার’ বলে অভিহিত করেছেন প্রয়াত মহানায়ক উত্তম কুমারের ভাতিজি ঝিমলি ব্যানার্জি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বর একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ঝিমলি জানান, অপূর্বর অভিনয় দীর্ঘদিন ধরে দেখার পর তিনি এমন মন্তব্য করেছেন। তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তিনি লিখেছিলেন, ‘তুমি অনেক দূর যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তুমি বাংলাদেশের উত্তম কুমার।’
ঝিমলি ব্যানার্জি বলেন, ‘গত কয়েক মাস ধরে অপূর্বর নাটক, বিভিন্ন চরিত্র এবং সাক্ষাৎকার নিয়মিত দেখছি। আমি মনে করি, অপূর্বর কাজের প্রতি আমার মুগ্ধতা তৈরি হয়েছে।’ তিনি অপূর্বর সঙ্গে নিজের সম্পর্কের অনুভূতি জানিয়ে বলেন, ‘অপূর্বকে আমি ছোট ভাইয়ের মতো মনে করি।’
অপূর্বর অভিনয়ের পাশাপাশি তার মানবিকতা ও আন্তরিকতার প্রশংসা করেছেন ঝিমলি। তিনি বলেন, ‘অপূর্বর চোখের ভাষাতেও মিল আছে। উত্তম কুমার শুধু নিজের কাজের মনোযোগী ছিলেন না, তার সঙ্গে যে কাজ করতেন তার প্রতিও কেয়ারিং ছিলেন।’
অপূর্ব এই প্রশংসায় বিস্মিত হয়েছেন এবং নিজেকে উত্তম কুমারের সঙ্গে তুলনা করার মতো অবস্থানে ভাবতে নারাজ। তিনি বলেন, ‘এমন মন্তব্য আমার কাছে কল্পনাতীত মনে হয়। আমি মনে করি, এই বিষয় নিয়ে কথা বলার যোগ্যতা আমার কোনোদিনও হবে না।’
প্রতিনিধির নাম 
























