বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ির দুর্ঘটনায় ৭৫ বছর বয়সী ফিরোজা বেগম প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগমের ওপর গাড়ি উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামী মৃত নিজামুদ্দীন সরদার। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরোজার বড় ছেলে ফেরদৌস হোসেন কয়েক বছর আগে মারা যান এবং ছোট ছেলে সেলিম সরদার কৃষিকাজ করেন।
ফিরোজার ভাতিজা জাকির হাসান জানান, ফিরোজা বেগম গুজিয়ায় বড় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। তিনি দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, বাদ আসর ফিরোজা বেগমের লাশ দাফন করা হয়েছে।
প্রতিনিধির নাম 






















