সিলেটে সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সিলেটে চিকিৎসাসেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতালটি আগামী তিন মাসের মধ্যে চালু করার লক্ষ্যে কাজ চলছে।
শুক্রবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়া দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত দল এ কাজে মাঠে নেমেছে। তিনি জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি এবং সেবার মান পর্যবেক্ষণ করা হচ্ছে।
টিকা প্রসঙ্গে মন্ত্রী জানান, কিছু শিশু হামের টিকা থেকে বঞ্চিত হয়েছিল। তাদের কভার করতে ‘মপ-আপ’ ক্যাম্পেইন চলছে এবং চলতি মাসের শেষ দিকে বড় পরিসরে টিকাদান শুরু হবে। সিলেটের হাওরাঞ্চলসহ দুর্গম এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ করা হবে। সিলেটে একটি পৃথক শিশু হাসপাতাল করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিনিধির নাম 



















