চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগের কর্মসূচিতে টিকা না পাওয়া শিশুদের মধ্যে হাম বেশি শনাক্ত হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
মন্ত্রী জানান, সরকারের উদ্যোগে পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে এবং রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে। টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে তাদেরও কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। তিনি জানান, স্বাস্থ্য খাতে গত ছয় মাসে পরিবর্তন এসেছে এবং ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে।
প্রতিনিধির নাম 






















