চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। বর্ষা মৌসুমে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে চট্টগ্রামে মোট ২ হাজার ১৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে আগস্ট মাসেই ১ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে রাউজানের নোয়াপাড়ার বাসিন্দা খালেদা বেগম (৪৭) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
চট্টগ্রাম নগরের ৯৩৬ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ৯৫৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৫১ জন পুরুষ, ৬০২ জন নারী ও ৪৩৩ জন শিশু।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ডেঙ্গু রোগী শনাক্তের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, জমে থাকা পানি ও পরিত্যক্ত পাত্রে এডিস মশা বংশবিস্তার করে। তাই জনসচেতনতা বাড়াতে হবে।
সারাদেশেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে মৃত্যু হয়েছে ১১১ জনের।
প্রতিনিধির নাম 



















