মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা প্রায় সর্বাত্মক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ইরানিরা বাথরুমে গেলেও যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে পারে না।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান কী করছে, তার সবকিছুই যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইরান নতুন রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল, যা যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস করা হয়েছে।
ট্রাম্প বলেন, "আমরা দেখেছি তারা কী তৈরি করছে। তারা কী করছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আমাদের নজরদারি থেকে তারা নড়তেও পারে না।" তিনি আরও জানান, বিষয়টি দেখার পর যুক্তরাষ্ট্র তা ধ্বংস করে দিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা হয়েছে, যার ফলে ইরানে অন্তত ১৮ জন নিহত এবং প্রায় ১০৮ জন আহত হয়েছেন। তেহরানের দাবি, মার্কিন হামলা ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় হয়েছে।
এদিকে, ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, এই কৌশলগত নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের 'খুব শক্ত নিয়ন্ত্রণ' রয়েছে এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলবাহী জাহাজ সেখানে দিয়ে বেরিয়ে যাচ্ছে।
প্রতিনিধির নাম 























