কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে রাঙ্গামাটি শহরের ঝুলন্ত সেতুটি আবারও ডুবে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার ইঞ্চি পানি ওঠে, ফলে সেতুতে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পর্যটন কর্পোরেশন সূত্রে জানা যায়, চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা ঢলের পানি কাপ্তাই হ্রদে এসে মিশছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কয়েক দিন ধরে হ্রদের পানি বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে। পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে।
এদিকে, কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল পৌঁছালে জলকপাটগুলো খুলে দিয়ে ৯ হাজার পানি নিষ্কাশন করা হচ্ছে।
উল্লেখ্য, রাঙ্গামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় ১৯৮৬ সালে নির্মিত ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি বর্তমানে ‘সিম্বল অব রাঙামাটি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। এর আগে, গত ২৯ আগস্টও সেতুটি ডুবে গিয়েছিল।
প্রতিনিধির নাম 






















