ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি দাবি করেছে, তারা পশ্চিমাঞ্চলের হুদাইদাহ ও তাইজ প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, অভিযানের সময় সৌদি-সমর্থিত ‘ভাড়াটে বাহিনীর’ ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে।
সারি শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক টেলিভিশন বক্তব্যে বলেন, ইয়েমেনি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা দুই প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে দিয়েছে এবং মুক্ত করা হয়েছে প্রায় পাঁচ হাজার ৪০০ বর্গকিলোমিটার ভূখণ্ড। তিনি দাবি করেন, হুতি বাহিনী সৌদি-সমর্থিত বাহিনীর সাতটি ডিভিশনকে পরাজিত করেছে, যার অধীনে ছিল ৩৮টি ব্রিগেড। এতে শত শত যোদ্ধা নিহত ও আহত হয়েছে এবং অনেককে বন্দি করা হয়েছে।
হুতি মুখপাত্র আরও জানান, সৌদি-সমর্থিত বাহিনীর বন্দীশালাগুলোতে আটকে থাকা বিপুলসংখ্যক বন্দিকে মুক্ত করা হয়েছে। তিনি বলেন, হুতির বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান পরিচালনা করেছে এবং সৌদি বাহিনীর নয়টি অনুপ্রবেশকারী বিমান শনাক্ত করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
সারি বলেন, লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ ছাড়া সব ধরনের জাহাজের জন্য চলাচল উন্মুক্ত রয়েছে, তবে সৌদি পণ্যবাহী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন অব্যাহত থাকলে পাল্টা হামলা বাড়ানো হবে।
২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে অবরোধ আরোপের পাশাপাশি সামরিক অভিযান শুরু করে, যার ফলে হাজার হাজার ইয়েমেনি প্রাণ হারান। সূত্র: প্রেস টিভি
প্রতিনিধির নাম 






















