রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্লট ও ফ্ল্যাট মালিকদের ভাড়াটিয়া যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সংক্রান্ত একটি মতবিনিময় সভা শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-২ অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন র্যাব-২ সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম। এতে মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৩ জন প্রতিনিধি এবং র্যাব-২-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিংয়ে খালি প্লট ভাড়া দেওয়ার ফলে অপরাধীরা সেখানে আশ্রয় নিচ্ছে। তিনি ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন এবং ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্লটে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে প্লট বা ফ্ল্যাটের মালিকের ভূমিকাও আইনগতভাবে খতিয়ে দেখা হবে। তাই মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
র্যাব-২ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
প্রতিনিধির নাম 
























