সরকারি ছুটির দিনেও ঢাকার বাতাসে স্বস্তি নেই। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বায়ুমান স্কোর ১৬৩, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ২৩৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে বাহারাইনের মানামা (১৭৬ স্কোর), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৭৬ স্কোর), চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭৪ স্কোর) এবং পঞ্চম স্থানে ঢাকা (১৬৩ স্কোর)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, যার মধ্যে রয়েছে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলার কথা উল্লেখ করা হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে বিভিন্ন রোগের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যায়।
প্রতিনিধির নাম 

























