ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীসহ জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জেলার বিভিন্ন রুটের মোড়ে মোড়ে মানুষের ঢল নেমেছে প্রিয় নেতাকে একনজর দেখতে ও অভিবাদন জানাতে।
আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ফলক উন্মোচন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
একই সময়ে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশেষ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করবেন এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করবেন।
দিনব্যাপী এসব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিনিধির নাম 























