শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পালপাড়ায় প্রতিমা তৈরির কারিগররা রাস্তার অভাবে সমস্যায় পড়েছেন। বাঁশ, কাঠ, খড়, রশি ও মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি শেষে বর্তমানে রঙের কাজ চলছে। তবে উপকরণের দাম বৃদ্ধি সত্ত্বেও প্রতিমার দাম বাড়েনি বলে জানিয়েছেন কারিগররা।
বুধবার দুপুরে পালপাড়ায় গিয়ে দেখা যায়, ১৩টি পরিবারের নারী-পুরুষ এবং অন্য এলাকা থেকে আসা কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন। ভোর থেকে রাত পর্যন্ত তাদের কাজ চলছে। এবছর ২২০টি প্রতিমা তৈরি হচ্ছে, যা গত বছরের তুলনায় ৩৫টি বেশি।
প্রতিমা তৈরির কারিগর দিলীপ পাল জানান, তৈরি করা প্রতিমাগুলি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং টাঙ্গাইল ও জামালপুরে সরবরাহ করা হবে। প্রতিমার দাম ১৫ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
কারিগর জিতেন পাল বলেন, “পালপাড়া থেকে প্রতিমা বের করার রাস্তা না থাকায় অনেক প্রতিমার অঙ্গহানি হয়।” তিনি রাস্তা নির্মাণের দাবি জানান। ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ জানান, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ দাস জানান, এবছর উপজেলায় ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, রাস্তার বিষয়ে সমস্যা জানালে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিনিধির নাম 






















