রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-৩। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসআরবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিচ্চি আলামিন দীর্ঘদিন ধরে রামপুরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পুস্ট্যান্ড, ডিস ব্যবসায়ী ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করতেন। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার ‘গ্রিনজোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এছাড়া, ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ পাওয়ার পর এসআরবি বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পিচ্চি আলামিন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে।
এসআরবি জানিয়েছে, পিচ্চি আলামিন রামপুরার ‘কাইল্ল্যা’ পলাশ হত্যা মামলারও আসামি।
প্রতিনিধির নাম 






















