নওগাঁর মহাদেবপুরে অস্ত্রোপচারের পর নাছিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নিহত নাছিমা খাতুন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগৌড়া গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকার টাওয়ারে অবস্থিত ওই হাসপাতালে অভিযান চালান নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। পরে হাসপাতালটি সিলগালা করা হয়।
স্বজনদের অভিযোগ, নাছিমা খাতুন পাইলসের সমস্যায় গত শনিবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের জন্য হাসপাতালের পরিচালক মো. আমিনুর রহমান মন্ডলের সঙ্গে ১২ হাজার টাকায় চুক্তি হয়। অস্ত্রোপচার করেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. দেওয়ান মো. আব্দুস সবুর।
অস্ত্রোপচারের পর নাছিমার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়। স্বজনদের দাবি, চিকিৎসককে ডাকতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি এবং পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন।
হাসপাতালের পরিচালক মো. আমিনুর রহমান মন্ডল জানান, রোগীর কাগজপত্র দেখেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, হাসপাতালটি সিলগালা করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 
























