মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা আহত হয়েছেন। আহত অবস্থায় তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের উখিয়া সীমান্তের পালংখালী বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার (বিআরএম-১৯) থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং সীমান্তের শূন্যরেখা থেকে ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আহত হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে চিকিৎসার জন্য উখিয়া কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্রের দাবী, গেলো বছর ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত নাইক্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অন্তত ৪০টির অধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক জন বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি মানুষ বিভিন্নভাবে হতাহত ও পঙ্গু হয়েছেন।
প্রতিনিধির নাম 





















