দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রয়োজনীয় জনবল না থাকার কারণে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ১১টি অনুমোদিত পদের মধ্যে ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দপ্তরটিতে মোট ১১টি পদ রয়েছে। এর মধ্যে পাঁচটি পদে কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও ছয়টি পদে কোনো জনবল নেই। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য), একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (এআই) এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) পদে চারটির মধ্যে তিনটি।
ফুলবাড়ী উপজেলায় মোট ২ হাজার ৩৬৪টি খামার রয়েছে, যার মধ্যে গাভির খামার ৫০২টি, গরু মোটাতাজাকরণের খামার ৪৩৯টি, ছাগলের খামার ১ হাজার ১৩২টি, ভেড়ার ২০৫টি, হাঁসের ৩১টি, লেয়ার মুরগির দুটি, ব্রয়লার মুরগির ২৯টি, কবুতরের ২৩টি এবং কোয়েল পাখির একটি খামার রয়েছে।
জনবল সংকটের কারণে খামারিদের নিয়মিত চিকিৎসা ও পরামর্শসেবা পাওয়া যাচ্ছে না। অনেক খামারি স্থানীয় অনভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। উপজেলা ভেটেরিনারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের অভাবের কারণে খামারিরা ওষুধের দোকানদারদের পরামর্শ নিয়ে চিকিৎসা করছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরোয়ার হাসান জানিয়েছেন, জনবল সংকটের কারণে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সীমিত জনবল দিয়েই খামারি ও কৃষকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধির নাম 
























