নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. খলিলুর রহমান (৩৫) নামের এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে খলিলুর রহমান গুরুতর দগ্ধ হয়েছেন।
খলিলুর রহমান চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের দোকান চালানোর পাশাপাশি বোতলজাত পেট্রোল বিক্রি করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে একই গ্রামের সুমন মিয়া ওই দোকানে যান। সেখানে পেট্রোলসহ নগদ টাকা দাবি করেন সুমন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি দোকানের সামনে রাখা দুই লিটারের একটি বোতল থেকে পেট্রোল নিয়ে খলিলের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন তারা।
এতে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আগুনে দোকানের কিছু মালামালও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার পর অভিযুক্ত সুমন মিয়া পলাতক রয়েছেন। তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। দগ্ধ ব্যবসায়ীও চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে সুমন মিয়া কী কারণে এমন করেছেন তা স্থানীয়রা জানাতে পারেননি বলে জানান ওসি।
প্রতিনিধির নাম 
























