স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত সূচি চূড়ান্ত নয় এবং এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে ওই দিন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় আয়োজনের ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরি। এর আগে নির্বাচন কমিশন নভেম্বরের মাঝামাঝিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনা জানিয়েছিল।
সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া এবং জনদুর্ভোগ লাঘব করা। বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা বাড়ায় আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে নির্মাণকাজ একসঙ্গে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মেগা প্রকল্পগুলোর কাজের তদারকির জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার জন্য নির্দিষ্ট ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পর উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
প্রতিনিধির নাম 

























