জামালপুর সদর উপজেলায় শ্রমিক দলের সাবেক নেতা কফিল উদ্দিনের (কফিল মিয়া) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি নিজ সংগঠনের লোকজনের মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পরের দিন মঙ্গলবার দুপুরে তার বাড়িতে মরদেহটি পাওয়া যায়।
কফিল মিয়া দিগপাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ফেসবুক ভিডিও স্ট্যাটাসে তিনি বলেন, বর্তমানে রাজনীতিতে গরিব মানুষের কল্যাণের পরিবর্তে পকেট ভরার রাজনীতি চলছে। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করছেন এবং সম্প্রতি তাকে মারধর করা হয়েছে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, এই রাজনীতি বন্ধ করতে হবে, কারণ এতে দলের বদনাম হচ্ছে। কফিল মিয়া আরও দাবি করেন, চাঁদাবাজি বন্ধ হয়নি এবং যারা ক্ষমতায় আসছেন, তারা সাধারণ মানুষের হয়রানি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কফিল মিয়া দীর্ঘদিন ধরে দলের কর্মী ছিলেন। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিনিধির নাম 













