শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ আদেশ দেওয়া হয়। এ মামলায় আজ সকালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করা হলেও আদালত তা নাকচ করে। এর আগে ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু, দিপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রুপাসহ ১১ জনকে হাজির করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪১ জন আসামি রয়েছে। এর আগে পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি।
চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূল করতে হত্যাযজ্ঞ চালানো হয়।
প্রতিনিধির নাম 

























