জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলোর মোট ব্যয় হবে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পগুলো উপস্থাপন করা হবে।
প্রকল্প তিনটি হলো- জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প।
পরিকল্পনা কমিশনের সূত্র জানায়, এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি মূল এজেন্ডায় উপস্থাপনের কথা ছিল। পরে এর সঙ্গে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের সংশোধিত প্রস্তাবও অনুমোদনের জন্য উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৩১ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের। এমআরটি লাইন-৫ নর্দার্নের ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
প্রকল্পগুলোর বাস্তবায়ন সময়সীমা ২০৩৩ সালের মধ্যে নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ডিপিপিতে ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে কোভিড-১৯ মহামারির প্রভাব এবং প্রকল্পের প্রক্রিয়াগত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধির নাম 

























