চলতি সপ্তাহে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথিদের দ্রুত অগ্রগতির পেছনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সরাসরি নির্দেশনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন সংঘাতের ফ্রন্ট খুলতে ইয়েমেনের সরকার, ইরান ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
হুথিরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মোখা বন্দরনগরী দখল করে বাব এল-মান্দেব প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে। হরমুজ প্রণালি অবরোধের পর এই নৌপথ বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে।
ইরানের দুটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে তেহরান হুথিদের নির্দেশ দেয় সৌদি আরবের ওপর হামলা জোরদার করতে এবং এর বিনিময়ে আরও অর্থ, অস্ত্র ও জ্যেষ্ঠ কর্মকর্তা পাঠানোর আশ্বাস দেয়।
একটি আঞ্চলিক কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, হামলার নিয়ন্ত্রণে বিপ্লবী গার্ডসের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার ইয়েমেনে পৌঁছেছেন। ইয়েমেনের সামরিক সূত্রগুলো ধারণা করছে, এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিপ্লবী গার্ডসের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার আবদল রেজা শাহলাই।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেনবিষয়ক বিশ্লেষক আহমেদ নাগি বলেন, হুথিদের এই আক্রমণ পূর্ব প্রস্তুতির ফল। ইরানের কাছ থেকে পাওয়া নতুন ড্রোন ও আধুনিক অস্ত্রের কারণে হুথিদের এই রূপান্তর ঘটেছে।
অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সৌদি আরবের কাছে বিমান হামলাসহ অতিরিক্ত সহায়তা চেয়েছিল। তবে রিয়াদ কেবল কিছু লজিস্টিক, অস্ত্র ও সীমিত বিমান সহায়তা প্রদান করেছে। ইয়েমেনি কর্মকর্তাদের মতে, রিয়াদ হুথিদের সঙ্গে বড় সংঘাত এড়াতে চাইছে।
প্রতিনিধির নাম 
























