গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর ২৪ মিনিট ৩০ সেকেন্ডের করতালি পেয়েছে। এটি উৎসবের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী করতালির ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
৮০ মিনিটের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর। তারা ২০২৫ সালে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’-এর পরিচালক। ‘নাজা’ নির্মাণে প্রায় তিন বছর সময় লেগেছে, যেখানে তারা ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান সদস্যদের সাক্ষাৎকার নিয়েছেন।
তথ্যচিত্রটির নাম ‘নাজা’ ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থায় ব্যবহৃত একটি শব্দ, যা বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক হতাহতের সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। ছবিতে সাক্ষাৎকার দেওয়া সামরিক কর্মকর্তারা গাজায় লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি এবং এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেছেন।
নির্মাতা ইউভাল আব্রাহাম জানিয়েছেন, পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে দেওয়া সমর্থন পুনর্বিবেচনা করুক—এটাই তার প্রত্যাশা। তারা ‘+৯৭২ ম্যাগাজিন’-এ যৌথভাবে লিখেছেন, গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ হত্যাকে পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ হিসেবে দেখা উচিত।
ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘নাজা’ শেষ মুহূর্তে যুক্ত হয় এবং এটি এবারের উৎসবে মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়া একমাত্র তথ্যচিত্র। আগামীকাল শনিবার উৎসবের পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধির নাম 

























