ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দের মাধ্যমে ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি জানান, ধর্মীয় প্রধানদের সম্মানী প্রকল্পের পাইলটিং পর্যায়ে ১৩ হাজার ৯৪৯ জনের অনুকূলে ভাতা দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতাল্লিল আলামীন’ হিসেবে প্রেরণ করেছেন এবং তাঁর জীবনের প্রতিটি দিক বিশ্বের সকল মানুষের জন্য আলোকবর্তিকা। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনার মোট ৪ হাজার ৩৪১ জন হাজির অনুকূলে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, ২০২৩ সালে হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকায় কমানো সম্ভব হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০৫ সালে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫’-এর আওতায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। তিনি বিশ্ববিদ্যালয়টিকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
প্রতিনিধির নাম 























