পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত দুলাল মিয়া মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালানো হয়। তল্লাশির সময় তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 





















