বরিশালের গৌরনদীতে বিদ্যালয়ের এক দশম শ্রেণির শিক্ষার্থীকে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগে লিপন শরীফ নামে এক যুবদল নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানান, লিপন শরীফ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিরতির সময় তিনি দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন এবং পরে কান ধরে উঠবস করান।
ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। লিপন শরীফ বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের নির্দেশে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরে লিপন শরীফকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, দণ্ডপ্রাপ্ত লিপন শরীফকে বুধবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে লিপন শরীফ সাংবাদিকদের বলেন, তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ফাঁকি দেওয়ার কারণে শাসন করতে গিয়েছিলেন।
প্রতিনিধির নাম 















