পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা মো. আকতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশের নথি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন।
পুলিশের অভিযোগ, ওই ব্যক্তিরা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
ভাটারা থানার এসআই আব্দুল কাদের জানিয়েছেন, গ্রেপ্তার অনিরুজ্জামান অনিকের বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে, যা পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে জানা গেছে।
প্রতিনিধির নাম 













