কুমিল্লার মিরপুর সড়কের ভরাসার বাজারসংলগ্ন এলাকায় বীজতাড়ক ফুলের সৌন্দর্য মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। শরতের শুরুতে ফুটে ওঠা গোলাপি-বেগুনি ফুলগুলো পথচারীদের মাঝে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বীজতাড়ক উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম আর্জিরিয়া নার্ভোসা (Argyreia nervosa), কনভলভুলেসি পরিবারের অন্তর্গত একটি বহুবর্ষজীবী লতা। এই উদ্ভিদটি সাধারণত বাড়ির আঙিনা, বেড়া কিংবা বনাঞ্চলের গাছের ওপর বেড়ে ওঠে। এর ফুলের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীসহ নানা বয়সী মানুষের নজর কাড়ছে।
স্থানীয় বাসিন্দা লতিফুল ইসলাম বলেন, ‘অনেক বছর ধরে এ গাছ দেখে আসছি। এ গাছে ফুল এলে সহজেই নজরে পড়ে। এর ফুল দেখতে বেশ সুন্দর।’ কলেজ শিক্ষার্থী লুবনা ইসলাম জানান, ‘ফুলগুলোর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মন জুড়িয়ে যায়।’
ফুলপ্রেমী তানিয়া রহমান বলেন, ‘বীজতাড়ক লতা ফুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর রং। গোলাপি আর বেগুনির মিশ্রণটা খুব সুন্দর।’ অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ফুলের সঙ্গে মানুষের সম্পর্ক যেন চিরকালের। ফুল মানুষের আবেগ ও ভালোবাসার অংশ।’
বীজতাড়ক ফুলের সৌন্দর্য এখন সড়কের পাশের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে, যা পথচারীদের জন্য একটি মনোরম দৃশ্য।
প্রতিনিধির নাম 
























