ইসরাইলের বিরুদ্ধে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। একাধিক দিক থেকে হামলা চালানোর জন্য লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই পরিকল্পনার বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানতে পেরেছেন।
জেরুজালেম পোস্টের ভাষ্য অনুযায়ী, আরব সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে, ইরান এবার ইসরাইলের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খুলতে চাইছে। অর্থাৎ, একই সময়ে বিভিন্ন দিক থেকে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তেজনা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালায়। ওই হামলার আগে ইরান বা হিজবুল্লাহকে বিষয়টি জানানো হয়নি। হামাস একাই ওই হামলা চালিয়েছিল। এবার সম্ভাব্য হামলার পরিকল্পনায় সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিনিধির নাম 
























