বাংলাদেশ অনূর্ধ্ব–২০ হকি দল মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে। জুনিয়র এশিয়া কাপে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এর আগে চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা।
মালয়েশিয়ার মোকাবেলায় বাংলাদেশ প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ ও ২৩ মিনিটে দুই গোল খেয়ে বসে বাংলাদেশ। ২৪ মিনিটে আবদুল্লাহ গোল করে ব্যবধান কমান। তৃতীয় কোয়ার্টারে মেহেদী হাসান ফিল্ড গোল করে ২–২ সমতায় ফেরান বাংলাদেশকে।
কিন্তু চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়ার সুজাইনি ফাহমি ৪৮ ও ৫১ মিনিটে দুই গোল করে ম্যাচটি নিজেদের করে নেন। শেষ পর্যন্ত বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি।
এটি বাংলাদেশের জন্য নবম জুনিয়র এশিয়া কাপ। ১৯৯৬ সালে এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনালে খেলা। বর্তমানে ভারত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ 'বি' গ্রুপে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তানের সঙ্গে রয়েছে।
প্রতিনিধির নাম 
























