পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে কৃষকরা নতুন করে আমন ধানের চাষ শুরু করেছেন। মাঠজুড়ে এখন সবুজ চারা শোভা পাচ্ছে, যা কৃষকদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাটিরাঙ্গায় মোট ৫ হাজার ৫১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৪০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান চাষ করা হয়েছে।
উফশী জাতের মধ্যে বিআর-১১, বিআর-১২, ব্রি ধান-৩৯, ৪০, ৪১, ৪৯, ৭০, ৭১, ৭২, ৭৫, ৭৬, ৮৭, ৯৩, ৯৪, ১০৩ ও ১০৬ এবং বিনা ধান-৭, ১২ ও ১৭ বিনা-২৬ উল্লেখযোগ্য। এছাড়া ২৯০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ২২১ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে।
সরকার কৃষকদের সহায়তা করতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে আরও ৫০০ কৃষককে ৫ কেজি করে আমন বীজ দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ের তদারকি নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা জানান, কৃষকদের জন্য সার প্রয়োগ ও রোগবালাই দমনে সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে মাটিরাঙ্গায় আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন নিশ্চিত হবে বলে আশা করছেন।
প্রতিনিধির নাম 
























