জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪-তলা ভিত্তির ১-তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।
দুলু বলেন, "কোনো জাতিকে পঙ্গু করতে হলে প্রথম আঘাত করতে হয় তার শিক্ষা ব্যবস্থার ওপর। আন্তর্জাতিক চক্রান্ত ও পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ঠিক সেই কাজটাই করেছে।" তিনি অভিযোগ করেন, নতুন প্রজন্মকে অশিক্ষিত রেখে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, "তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।" দুলু দাবি করেন, সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে স্বাধীনতার পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে, সকালে জেলা বিএনপি কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিনিধির নাম 























